বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আজ নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ভোটাররা নিচের চার উপায়ে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন:
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ: প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপে এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিয়ে সহজেই কেন্দ্র ও ভোটার নম্বর জানা যাবে।
হেল্পলাইন ১০৫: যেকোনো মোবাইল ফোন থেকে ১০৫ নম্বরে কল করে অপারেটরের মাধ্যমে তথ্য জানা যাবে। এই সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।
এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <Space> NID Number লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ভোটারকে তার তথ্য জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট: ইসির অফিসিয়াল ওয়েবসাইট (ecs.gov.bd) এর ‘ভোটকেন্দ্র’ মেন্যুতে গিয়ে এনআইডি নম্বর বা নির্বাচনী এলাকা সিলেক্ট করে তথ্য দেখা যাবে। এছাড়া গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের অবস্থানও দেখার সুবিধা রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের ভোটদানের প্রক্রিয়া দ্রুত ও নির্ভুল করতেই এই আধুনিক প্রযুক্তিভিত্তিক সেবাগুলো নিশ্চিত করা হয়েছে।