Home Second Lead ‘জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারবে না’: মির্জা ফখরুল

‘জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারবে না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মো:সোহেল রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও বিমানবন্দর দুই বছরের মধ্যে চালুর ঘোষণা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম আর মিথ্যাচার নিয়ে রাজনীতি চলে না, তাই জামায়াতে ইসলামী কখনো এ দেশে ক্ষমতায় আসতে পারবে না। মহান মুক্তিযুদ্ধে দেশের বিপক্ষে অবস্থান নিয়ে মা-বোনদের সম্ভ্রমহানি করা মিথ্যাচারীদের এ দেশের জনগণ কখনই ক্ষমা করবে না।
বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে জেলা বিএনপি আয়োজিত এক জমকালো গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের জেলা আগমন উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক প্রতিপক্ষকে হুঁশিয়ার করে বলেন, একটি দল দেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা অপপ্রচার করছে যে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। অথচ এই জুলাই সনদ বিএনপিরই তৈরি এবং রাষ্ট্র সংস্কারের মূল দাবিও আমাদের।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান এই অঞ্চলের মানুষের স্বার্থে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা মাত্র তিন মাসের মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ সম্পন্ন হয়েছে, মেডিকেল কলেজ স্থাপনের কাজ চলছে এবং ভূল্লী ও রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা করা হয়েছে। অবহেলিত এই জেলা দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।
পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এই বিমানবন্দরটি চালুর যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, তা আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে পুনরায় বিমান উড্ডয়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই সুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যেহেতু এটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি প্রতিশ্রুতি, তাই এটি বাস্তবায়ন না করার কোনো সুযোগ নেই। অত্যন্ত দ্রুততার সাথে সব প্রক্রিয়া সম্পন্ন করে বিমানবন্দরটি চালু করা হবে।
সংবর্ধনা ও পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাহিনী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Visit www.businesstoday24.com