Home চট্টগ্রাম জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় বিএনপি, পেছনের দরজা দিয়ে নয়: মেয়র শাহাদাত

জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় বিএনপি, পেছনের দরজা দিয়ে নয়: মেয়র শাহাদাত

সংগৃহীিত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অস্তিত্বের পরীক্ষা ও চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি কোনো পেছনের দরজা দিয়ে নয়, বরং জনগণের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম-৯ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত ১৪টি ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লক্ষ্য: তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা
ডা. শাহাদাত হোসেন বলেন, “আমাদের লক্ষ্য একটাই—নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা। বিএনপি বরাবরই জনগণের রায়ে ক্ষমতায় এসেছে। দেশ চালাতে যে সাহস, জ্ঞান ও দক্ষতার প্রয়োজন, তা বিএনপির আছে।” তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে দেশের স্বার্থে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সেন্টার কমিটি গঠনের নির্দেশ
নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে প্রতিটি কেন্দ্রে ধাপে ধাপে সেন্টার কমিটি গঠনের নির্দেশ দেন চসিক মেয়র। তিনি বলেন, এই কমিটিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের পাশাপাশি সমাজের নিরপেক্ষ ও সম্মানিত ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে। নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা আবু সুফিয়ান ভাইকে সংসদ সদস্য এবং তারেক রহমানকে রাষ্ট্রনায়ক বানাব।”
‘খালি মাঠে গোল দিতে চাই না’
সভার প্রধান বক্তা এবং চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, “আওয়ামী লীগ ১৭ বছর ধরে চেষ্টা করেও বিএনপিকে ধ্বংস করতে পারেনি। আমরা চাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভোটে ফিরে আসুক। আমরা খালি মাঠে গোল দিতে চাই না, মাঠে খেলেই বিজয়ী হতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি কার কত শক্তি তা প্রমাণ হয়ে যাবে।”
সাংগঠনিক ঐক্য ও তৃণমূলের গুরুত্ব
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিজয় নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই।”
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আহমেদুল আলম চৌধুরী রাসেলসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢলকে বিএনপির জনপ্রিয়তার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।