সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ইস্ট স্যান্ডসে বার্ষিক 'মে ডিপ'-এ অংশ নেন।
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের আবহাওয়া বছরের সবচেয়ে উষ্ণতম দিন পার করল শুক্রবার। আবহাওয়াবিদদের মতে, দেশের কিছু অংশের তাপমাত্রা এমনকি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হাওয়াইকেও ছাড়িয়ে গেছে।
শুক্রবার লন্ডন এবং ইস্ট অ্যাংলিয়া অঞ্চলে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস (৮১ ফারেনহাইট) পর্যন্ত ছিল। এটি ২০২৬ সালে এখন পর্যন্ত যুক্তরাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত ৮ এপ্রিল লন্ডনে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
লন্ডনের আবহাওয়া পর্যটন কেন্দ্র হনলুলুর চেয়েও বেশি উত্তপ্ত , যেখানে সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ইতালির রোমে ২৩ ডিগ্রি এবং স্পেনের ইবিজায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
মে মাসের শুরুতে এমন উষ্ণ আবহাওয়া উপভোগ করতে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাচীন ঐতিহ্য মেনে সূর্যোদয়ের সময় সমুদ্রে অবগাহন (মে ডিপ) করে পরীক্ষা ও সৌভাগ্যের জন্য প্রার্থনা করেছেন। এছাড়া তারা ১৮০০ সালে জাহাজডুবি থেকে নাবিকদের প্রাণ বাঁচানো শিক্ষার্থী জন হানিকে শ্রদ্ধা জানাতে মশাল মিছিল বা ‘গডি’ পালন করেন।
তবে এই তীব্র গরমের পাশাপাশি আবহাওয়া অফিস বৃষ্টির সতর্কতাও জারি করেছে। আর্দ্র এবং উষ্ণ বাতাস দক্ষিণ দিক থেকে আসার কারণে আজ বিকেলের পর কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাংক হলিডে বা সরকারি ছুটির এই দীর্ঘ সপ্তাহান্তে আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল থাকতে পারে।
অন্যদিকে, ‘ফ্র্যান্টিক ফ্রাইডে’ বা কর্ম সপ্তাহের শেষ দিন হওয়ায় এবং ব্যাংক হলিডে শুরু হওয়ার কারণে রাস্তায় গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি যানজটের আশঙ্কা করছেন চালকরা। মেট অফিসের আবহাওয়াবিদ সাইমন পার্টট্রিজ জানিয়েছেন, দক্ষিণ থেকে আসা অত্যন্ত উষ্ণ ও আর্দ্র বাতাসের কারণেই তাপমাত্রার এই নাটকীয় বৃদ্ধি ঘটছে।
businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।