Home রাজনীতি কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর মার্কেটে যুবদল কর্মীদের তাণ্ডব

কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর মার্কেটে যুবদল কর্মীদের তাণ্ডব

চাঁদা দাবিকে কেন্দ্র করে ভাঙচুর ও লুটপাট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: লালমাই উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক কাতার প্রবাসীর নির্মাণাধীন মার্কেটে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর বাজারে অবস্থিত হাজী আনোয়ার হোসেন নিউ মার্কেটে বৃহস্পতিবার এই বর্বরোচিত হামলা চালানো হয়। এ সময় আটক করে রাখা এক অভিযুক্ত যুবদল কর্মীকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিকারীপাড়া গ্রামের কাতার প্রবাসী মিজানুর রহমান তার নিজস্ব জমিতে একটি বাণিজ্যিক মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। গত এক সপ্তাহ ধরে সেখানে পাইলিংয়ের প্রস্তুতি চলছিল। বৃহস্পতিবার সকালে জগতপুর গ্রামের যুবদল কর্মী মফিজুল ইসলাম নির্মাণস্থলে গিয়ে ইট, বালি ও সিমেন্ট সরবরাহের কাজ তাকে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু মালামাল আগে থেকেই কেনা থাকায় প্রবাসীর পরিবার তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে মফিজুল ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন। একপর্যায়ে উপস্থিত শ্রমিকরা তাকে মারধর করে আটকে রাখে এবং ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানায়।
এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় যুবদল কর্মী মহিন উদ্দিন ও রবিনের নেতৃত্বে ১০-১২ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে ঝাঁপিয়ে পড়ে। তারা প্রবাসীর পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মফিজুলকে ছাড়িয়ে নেয়। হামলাকারীরা মার্কেটের অফিসে ব্যাপক ভাঙচুর চালায় এবং একটি আইফোন ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
হামলায় গুরুতর আহত প্রবাসীর ভাই ফারুক হোসেন জানান, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি অফিসের টেলিভিশন দিয়ে মাথায় আঘাত করে জখম করে। তাকে বাঁচাতে আসা শামীম ইকবাল নামের অন্য এক যুবদল কর্মীও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাননি।
আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরজ্জামান জানিয়েছেন, চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে সেখানে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন।