বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মিরসরাই: মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪৫) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে নিপ্পন ইস্পাত কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে এবং দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন ব্যক্তিগত ব্যবসায়িক কাজে নিজের প্রাইভেটকার চালিয়ে অর্থনৈতিক অঞ্চলে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে নিপ্পন ইস্পাত কারখানার সামনে তিনি রাস্তার পাশে গাড়িটি থামিয়ে ভেতরেই অবস্থান করছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রাম ট্রাক তাঁর দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কামাল উদ্দিন গাড়ির ভেতরেই আটকা পড়েন। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী নাঈম সরকার জানান, ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা ধাওয়া করে চালককে আটকে ফেলে। পরবর্তীতে দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি কেটে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাঁকে প্রথমে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুজ্জামান জানান, দুর্ঘটনায় কামাল উদ্দিনের মাথা ও শরীরের নিচের অংশে গুরুতর আঘাত লেগেছিল, যা তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
দুর্ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি এক ধরণের সন্দেহও তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শী নাঈম সরকার বলেন, “ড্রাম ট্রাকটি যেভাবে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, তাতে এটি সাধারণ দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা প্রয়োজন।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: ঘাতক ড্রাম ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা যুবদলের শীর্ষ নেতার এই আকস্মিক মৃত্যুতে মিরসরাইয়ের রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।