বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার উথলি এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলি রেল স্টেশনের কাছে আদুরে উথলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ পলাশ জানান, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তেলবাহী ট্রেনটির ৩২টি বগির মধ্যে পিছনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে তাৎক্ষণিকভাবে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দুইটি গুরুত্বপূর্ণ ট্রেন পথে আটকা পড়ে। ঢাকা থেকে আসা নকশিকাঁথা কমিউটার ও খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ী এক্সপ্রেস আটকে পড়ে বিভিন্ন স্টেশনে।
তিনি আরও জানান, বিকল্প উপায়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইনচ্যুত বগি বাদ দিয়ে বাকি অংশ ট্রেনটি চুয়াডাঙ্গার উদ্দেশে যাত্রা করে। তবে পুরোপুরি লাইনচ্যুত বগিটি অপসারণ না করা পর্যন্ত খুলনার সঙ্গে ট্রেন চলাচল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।
ভোগান্তিতে যাত্রীরা
রেল চলাচল বন্ধ হয়ে পড়ায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও দুর্ভোগ তৈরি হয়েছে। নকশিকাঁথা কমিউটার ট্রেনে থাকা যাত্রী ফরিদ হোসেন বলেন, “ঢাকা থেকে সকালে রওনা দিয়েছি, বিকেলে এসে আটকে গেলাম। ট্রেনে পানি নেই, খাবার নেই। কেউ কিছু জানায় না। কতক্ষণ এভাবে বসে থাকতে হবে সেটাও বলা হচ্ছে না।”
সাগরদাড়ী এক্সপ্রেসের যাত্রী কলেজছাত্রী মাহিরা সুলতানা জানান, “আমার পরীক্ষার জন্য রাজশাহী যেতে হচ্ছিল। এখন এই অবস্থায় মনে হচ্ছে সময়মতো পৌঁছানোই হবে না। একজন নারী যাত্রী হিসেবে নিরাপত্তার কথাও ভাবতে হচ্ছে।”
স্থানীয় এক দোকানদার রহিম মিয়া বলেন, “রেললাইনেই যাত্রীরা দাঁড়িয়ে আছে। কেউ কেউ দোকান থেকে পানি কিনছে, কেউ হোটেলে এসে বসে আছে। দুর্ভোগ যেন আর ফুরায় না।”
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ঢাকা, খুলনা, রাজশাহী ও অন্যান্য গন্তব্যমুখী বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বিঘ্নিত হতে পারে।










