Home চট্টগ্রাম ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে- ধর্ম উপদেষ্টা

ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে- ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মডেল মসজিদ উদ্বোধন করেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজের প্রতিটি সদস্য যদি ধর্মীয় চর্চা ও অনুশীলনে মনোযোগী হয়, তাহলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় নিয়ে যায়।

তিনি আজ চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুটি মসজিদ উদ্বোধন করেন। এই তিনটি মসজিদের নির্মাণে মোট প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হবে।

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের ৫৬৪টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় এবং সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পের মাধ্যমে ধর্মীয় স্থাপনার গুণগত মান বৃদ্ধি এবং সঠিক ধর্মীয় শিক্ষা প্রচারে সহযোগিতা করা হচ্ছে। দেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীর ধর্মীয় চাহিদা মেটাতে ও স্থানীয় জনগণের আধ্যাত্মিক উন্নয়নে এ উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হিসেবে বিবেচিত হচ্ছে।

হাটহাজারীতে আয়োজিত অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ। এতে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা খলিল আহমদ কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান ও প্রকল্প পরিচালক মো: শহীদুল আলম।