বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলাকারী লাল রঙের টি-শার্ট পরিহিত যুবক পুলিশের একজন কনস্টেবল বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান জানান, লাল শার্ট পরিহিত ওই ব্যক্তির নাম মিজানুর রহমান। তার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩। তিনি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা চালিয়েছেন। রাশেদ খান আরও উল্লেখ করেছেন, লাল শার্ট পরা ওই ব্যক্তি নুরুল হক নুরকে নয়, ছাত্রনেতা সম্রাটকে পিটিয়েছে।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার দায় লাল শার্ট পরা যুবকের ওপর চাপিয়ে দেওয়া বৈধ নয়। তারা আরও বলেন, সেনাবাহিনী যারা নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। এমনকি তাদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীর রক্তপাত ঘটানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, ঘটনার সময় লাল শার্ট পরিহিত ওই ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ কয়েকটি টিম কাজ করছে। তিনি বলেন, ভিডিওতে দেখা লাঠি হাতে থাকা ব্যক্তিকে পুলিশের সদস্য ও সেনাবাহিনীর একাংশ আটক করলেও তাৎক্ষণিক বিষয়টি জানালে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত ঘটে শুক্রবার রাত ৮টার পর, যখন গণঅধিকার পরিষদ জাতীয় পার্টির বিরুদ্ধে মশাল মিছিল বের করে। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে মিছিলে হামলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে জাপার কার্যালয় চত্বরে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। আহত অবস্থায় রাতেই হাসপাতলে ভর্তি করা হলে প্রথমে ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে রাখা হয় এবং রাতে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, নুরুল হক নুরের মাথার হাড়, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ রয়েছে। চোখ-মুখ ফোলা এবং চোখেও রক্ত জমে আছে। তবে শরীরের অন্যান্য স্থানে আঘাত নেই।










