বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি গবেষক জামিল লিমনের মরদেহ আগামী ৪ মে (সোমবার) সকালে ঢাকায় পৌঁছাবে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, এই জোড়া হত্যাকাণ্ডে অভিযুক্ত হিশাম আবুগারবিয়াকে (২৬) আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মরদেহ হস্তান্তর ও জানাজা
দূতাবাস সূত্রে জানা গেছে, লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট (০৫৮২) আগামী ২ মে (শনিবার) রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো থেকে রওনা হবে। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালতে অভিযুক্ত হিশাম
মঙ্গলবার ফ্লোরিডার একটি আদালতে শুনানিকালে অভিযুক্ত হিশাম আবুগারবিয়াকে হাজির করা হয়। লিমনের রুমমেট হিসেবে পরিচিত হিশামের বিরুদ্ধে জোড়া হত্যাকাণ্ড, মরদেহের অংশ বিশেষ অবৈধভাবে সংরক্ষণ এবং তথ্য-প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। স্টেট অ্যাটর্নি সুসান লোপেজ জানিয়েছেন, মামলাটি গ্র্যান্ড জুরির সামনে তোলা হবে এবং প্রসিকিউশন আসামির মৃত্যুদণ্ড চাইবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সহপাঠীদের আহাজারি ও বৃষ্টির সন্ধান
আদালতে শুনানিকালে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত হয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন। নিহতদের সহপাঠী রিফাতুল ইসলাম ও সালমান সাদিক শুভ জানান, তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চান।
বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) প্রতিনিধি হাসিব সৌরভ জানান, তারা শুরু থেকেই মরদেহ সংরক্ষণ ও আইনি প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করছেন।
গত ১৬ এপ্রিল জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হলেও নাহিদা বৃষ্টির মরদেহ এখনো পূর্ণাঙ্গভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে গত রোববার পিনেলাস কাউন্টিতে কিছু মানবদেহের অবশিষ্টাংশ পাওয়া গেছে, যা বৃষ্টির কি না তা নিশ্চিতে ফরেনসিক পরীক্ষা চলছে। এই নৃশংস ঘটনাটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।