Home আইন-আদালত অর্থ পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও সহযোগীদের বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ

অর্থ পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও সহযোগীদের বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও সাতজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
আজ মঙ্গলবার (৫ মে, ২০২৬) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে তাঁদের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়।

দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, আজ সাক্ষ্য দেওয়া সাতজনের মধ্যে পাঁচজন ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা এবং দুইজন আরামিট গ্রুপের কর্মকর্তা। আলোচিত এই মামলায় এ পর্যন্ত মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছেন। এর আগে গত ১০ এপ্রিল ১০ জন এবং ৫ এপ্রিল মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান সাক্ষ্য দিয়েছিলেন।

দুদকের অভিযোগপত্র অনুযায়ী, এই জালিয়াতির জন্য ‘ভিশন ট্রেডিং’ নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছিল। সাবেক মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী সাজিয়ে এই প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়।

২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে এই অর্থ পাচারের ঘটনা ঘটে। তদন্তে দেখা গেছে, আমদানির নামে নেওয়া এই ঋণের টাকা পে-অর্ডারের মাধ্যমে চারটি ভুয়া প্রতিষ্ঠানে সরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কেনা হয়।

মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও তাঁর স্ত্রী রুকমীলা জামান, ভাই আসিফুজ্জামান চৌধুরী ও বোন রোকসানা জামানসহ ব্যাংক ও আরামিট গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। চলতি বছরের ১১ মার্চ এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।