Home চট্টগ্রাম সোলার প্যানেলে উচ্চ কর: নবায়নযোগ্য জ্বালানির প্রসার হুমকিতে

সোলার প্যানেলে উচ্চ কর: নবায়নযোগ্য জ্বালানির প্রসার হুমকিতে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশে সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর বিদ্যমান আমদানি করের কারণে নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর ফলে দেশে সোলার প্রযুক্তির প্রসার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে বলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সংগঠকরা।
এই পরিস্থিতির প্রতিবাদে এবং সোলার প্যানেলসহ সংশ্লিষ্ট সব যন্ত্রাংশের ওপর থেকে কর প্রত্যাহারের দাবিতে শনিবার ২৩ মে তারিখে চট্টগ্রামে পদযাত্রা ও মানববন্ধনের আয়োজন করা হয়। আইএসডিই বাংলাদেশ, ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট চট্টগ্রাম, ক্লিন (CLEAN) এবং বিডাব্লিউজিইডি (BWGED) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন যে, দেশে জ্বালানি সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে বিদ্যুৎ খাতে ব্যয় ও ভর্তুকি ক্রমাগত বাড়ছে। একদিকে সরকার গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো আবারও প্রায় ২১ শতাংশ বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাব করেছে। বক্তাদের মতে, এই মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘাঁ’ হিসেবে নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।
বক্তারা আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে রুফটপ সোলার (ছাদ সৌরবিদ্যুৎ) হতে পারে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান। তবে উচ্চ আমদানি শুল্ক ও করের কারণে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের দাম বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবারগুলো সোলার প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হওয়া সত্ত্বেও তা বাস্তবায়ন করতে পারছে না।
এই অবস্থা থেকে উত্তরণে আন্দোলনকারীরা অবিলম্বে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশের ওপর থেকে সমস্ত কর ও শুল্ক প্রত্যাহারের জোরালো দাবি জানান। একই সাথে তারা আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ প্রণোদনা, কর অবকাশ (ট্যাক্স হলিডে) ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনের নেতৃত্বে এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন সংপ্তকের পরিচালক অগ্রদূত দাস গুপ্ত, অধিকার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ওসমান জাহাঙ্গীর, সাংবাদিক গোলাম সরওয়ার, অ্যাডভোকেট প্রণব কুমার বিশ্বাস এবং যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান।
 মানববন্ধনে ছিলেন আইএসডিই-এর কর্মসূচি কর্মকর্তা রাইসুল ইসলাম, আবদুল মান্নান জিহাদ, পরিবেশ কর্মী ফয়েজ উদ্দীন, করিমুল ইসলাম, লাবিবা তবাস্সুম, প্রতিভা চাকমা এবং আইএসডিই বাংলাদেশের ক্যাম্পেইন ও অ্যাডভোকেসি কর্মকর্তা মোঃ রাসেল উদ্দীনসহ বিভিন্ন পরিবেশকর্মী, তরুণ শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
 businesstoday24.com ফলো করুন