‘মক্কা রুট’ উদ্যোগে সহজ হলো হাজিদের যাত্রা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘সৌদিয়া’ গতকাল শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত ‘মক্কা রুট’ (Makkah Route) উদ্যোগের আওতায় বাংলাদেশি হজযাত্রীদের সেবা আরও সহজতর ও গতিশীল করার বিষয়টি এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব পায়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তিনি বিদায়ী হজযাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য তাদের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফাহিমা আক্তার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং সৌদিয়ার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সালমান এ. আলালি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সৌদিয়া এ বছর হজ ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে তাদের সম্পূর্ণ বিক্রয় ও বিতরণ প্রক্রিয়াকে ডিজিটালাইজড করেছে।
‘মক্কা রুট’ উদ্যোগের অধীনে হজযাত্রীদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, ব্যাগেজ প্রসেসিং এবং অন্যান্য আনুষ্ঠানিকতা ঢাকা হজ ক্যাম্পেই সম্পন্ন করা হয়েছে। এর ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কমেছে এবং ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।
নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন










