Home সারাদেশ ঠাকুরগাঁওয়ে ১ লাখ ৪২ হাজার ৫১১ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

ঠাকুরগাঁওয়ে ১ লাখ ৪২ হাজার ৫১১ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঠাকুরগাঁও: আগামী ২০ এপ্রিল থেকে ঠাকুরগাঁওয়ে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক মত বিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য কর্মকর্তারা এই টিকাদান কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরেন।
সিভিল সার্জন ডা. আনিছুর রহমান জানান, এবারের ক্যাম্পেইনে ঠাকুরগাঁও জেলায় ১ লাখ ৪২ হাজার ৫১১ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৫ মে পর্যন্ত চলাকালীন এই কর্মসূচিতে জেলার ৬টি স্থায়ী এবং ১৩৫৭টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১৩৬৩টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই জীবন রক্ষাকারী টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেন, হাম ও রুবেলা অত্যন্ত ছোঁয়াচে রোগ হলেও সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচি সফল করতে এবং কোনো শিশু যেন টিকা থেকে বঞ্চিত না হয়, সে জন্য অভিভাবকদের সচেতন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে মেডিকেল অফিসার ইফতেখাইরুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 businesstoday24.com ফলো করুন এবং এই প্রতিবেদন সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে মন্তব্য করুন।