বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গোপালগঞ্জ: কোটালীপাড়ায় এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ১৫ বছর জর্ডানে প্রবাস জীবন কাটানোর পর নিজ গ্রামে ফিরে মায়ের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন মিলন মধু।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোটালীপাড়ার নারকেল বাড়ি গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি।
সতীশ মধুর ছেলে মিলন মধু পরিবারের তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। তার মা ললিতা মধুর দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছোট ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবে। মায়ের সেই আবদার রাখতেই ১৫ বছর পর দেশে ফিরে এই রাজকীয় আয়োজন করেন মিলন।
এদিন দুপুরে নারকেলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে সেখানে শত শত উৎসুক মানুষের ভিড় জমে। এলাকায় প্রথমবার এমন হেলিকপ্টার বিয়ের ঘটনায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
পারিবারিকভাবে আয়োজিত এই বিয়েতে কনে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পলাশ সরকারের মেয়ে কলেজ ছাত্রী প্রেরণা সরকার। হেলিকপ্টারে বরের সঙ্গে তার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরাও এই যাত্রায় সঙ্গী হন। মিলন মধু জানান, মায়ের ইচ্ছা পূরণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
এদিকে ছেলের এমন উদ্যোগে আপ্লুত মা ললিতা মধু জানান, আগামী রবিবার একইভাবে হেলিকপ্টারে চড়েই নববধূকে নিয়ে বাড়ি ফিরবেন মিলন। সাবেক ইউপি সদস্য বিজয় মধু এই আয়োজনকে এলাকার জন্য এক বিরল এবং আনন্দদায়ক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।