বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাতক্ষীরা: অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশের পুলিশ কর্মকর্তা মো. আরিফুজ্জামান। তিনি রংপুরের আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় এই পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
বিএসএফ প্রথমে আটক ব্যক্তির নাম–পরিচয় প্রকাশ না করলেও পরে জানা যায় তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় এপিবিএন-২–এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আরিফুজ্জামান। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশে একই পদে দায়িত্ব পালন করেছেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানিয়েছেন, আরিফুজ্জামান গত বছরের ৫ আগস্ট পর্যন্ত রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার ছিলেন। পরে তাকে এপিবিএন-২–এ বদলি করা হয়। তবে ২০২৩ সালের ১৪ অক্টোবর থেকে তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
বিএসএফ এই ঘটনাকে ‘বিরল ও গুরুতর অনুপ্রবেশের চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি তাকে আটক করার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, আরিফুজ্জামান একা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন নাকি কোনো চোরাচালান কিংবা বড় কোনো নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিলেন।
ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম এএনআইকে বলেন, “একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তার এমন অনুপ্রবেশের চেষ্টা অত্যন্ত অস্বাভাবিক। বিষয়টি সীমান্ত নিরাপত্তা ও দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।”
এদিকে কাকডাঙ্গা বিজিবির সুবেদার কামরুজ্জামান জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।










