Home Third Lead আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ওইদিন জাতিসংঘে সোশ্যাল বিজনেসের ওপর আইএমএফ আয়োজিত এক বৈঠকে বক্তব্য রাখেন। পরে তিনি আরেকটি ইভেন্টে যোগ দেন। সেখানেই প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি ছাড়াও আরও দুজন এই পুরস্কার পেয়েছেন।

প্রেস সচিব বলেন, ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের আসন্ন নির্বাচন, আঞ্চলিক কূটনীতি এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ মোটামুটি প্রস্তুত। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে।

আলোচনায় সার্ক পুনরুজ্জীবন, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার, এবং আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রসঙ্গও এসেছে বলে তিনি জানান।

বাণিজ্যিক সম্পর্ক নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। শফিকুল আলম বলেন, “সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মানুষ। এসব বিষয় নিয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।”