কৃষ্ণা বসু, কলকাতা: মাঝআকাশে এক জার্মান যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ফ্রাঙ্কফুর্ট থেকে হ্যানয়গামী ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমান ভারতের কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এই ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণভিয়েতনাম এয়ারলাইন্সের VN36 ফ্লাইটটি গত ৬ জানুয়ারি ফ্রাঙ্কফুর্ট থেকে হ্যানয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রার প্রায় আট ঘণ্টা পর বিমানের ১১এফ (11F) আসনে বসা এক পুরুষ জার্মান যাত্রীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। ওই যাত্রী প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।
দ্রুত চিকিৎসা ও জরুরি পদক্ষেপপরিস্থিতি বেগতিক দেখে বিমানের কেবিন ক্রু তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা (First Aid) প্রদান করেন। তবে বিমানে চিকিৎসাসেবা দেওয়ার পরও যাত্রীর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায়, পাইলট বিমানটিকে নিকটবর্তী উপযুক্ত বিমানবন্দর হিসেবে কলকাতায় নামানোর সিদ্ধান্ত নেন।
বিমানে জরুরি অবতরণের পর ভিয়েতনাম এয়ারলাইন্সের প্রতিনিধিরা স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং গ্রাউন্ড সার্ভিসের সহায়তায় দ্রুত ওই যাত্রীকে নামানোর ব্যবস্থা করেন। বিমানবন্দর থেকে অসুস্থ যাত্রীকে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিকেল প্রটোকল সম্পন্ন এবং প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর, ফ্লাইট VN36 পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) ভোর ৫:৩০ মিনিটে বিমানটি কলকাতা থেকে হ্যানয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করে।










