Home আন্তর্জাতিক ১৪২ বছরে চিরবিদায়: ১১০ বছর বয়সেও বাবা হয়েছিলেন সৌদির নাসির বিন রাদ্দান

১৪২ বছরে চিরবিদায়: ১১০ বছর বয়সেও বাবা হয়েছিলেন সৌদির নাসির বিন রাদ্দান

নাসির বিন রাদ্দান
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলের এক জনপদে অবসান ঘটল এক বিস্ময়কর জীবনের। ১৪২ বছর বয়সে ইন্তেকাল করেছেন দেশটির অন্যতম প্রবীণ ব্যক্তি নাসির বিন রাদ্দান আলে রাশেদ আল ওদায়ি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১২ জানুয়ারি) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে জানাজা শেষে নিজ গ্রাম আলে রাশেদে তাকে দাফন করা হয়।
৪০ বার হজ ও ধর্মীয় জীবন নাসির বিন রাদ্দানের দীর্ঘ জীবন ছিল ধর্মীয় নিষ্ঠায় পরিপূর্ণ। পারিবারিক সূত্র জানায়, তিনি তার জীবনে ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছেন। দীর্ঘ দেড় শতকের কাছাকাছি এই জীবনে তিনি অসংখ্য ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে ছিলেন।
তার ধৈর্য, সহনশীলতা এবং ইসলামের প্রতি অবিচল আস্থা স্থানীয়দের কাছে তাকে এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।
১১০ বছর বয়সে বিবাহ ও ১৩৪ বংশধর মরহুমের পারিবারিক জীবন ছিল রূপকথার মতো বিস্ময়কর। পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, নাসির বিন রাদ্দান যখন ১১০ বছর বয়সে পদার্পণ করেন, তখন তিনি সর্বশেষ বিয়েটি করেছিলেন।
আশ্চর্যের বিষয় হলো, সেই ঘরেও তার একটি কন্যাসন্তান জন্ম নেয়। মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনি ও পুতিসহ মোট ১৩৪ জন উত্তরসূরি রেখে গেছেন।
জানাজায় হাজারো মানুষের ঢল আন্তর্জাতিক সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এই দীর্ঘজীবী বৃদ্ধের জানাজায় অংশ নিতে ঢল নেমেছিল মানুষের। অন্তত ৭ হাজার মুসল্লি তার জানাজায় শরিক হয়ে শেষ বিদায় জানান।
মরুভূমির এই প্রবীণ মানুষটির মৃত্যুতে পুরো অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা নাসির বিন রাদ্দানের প্রয়াণের খবরটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনরা তার দীর্ঘায়ু এবং শেষ বয়সেও অটুট স্বাস্থ্য ও কর্মক্ষম থাকার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করছেন। অনেকেই তার সুদৃঢ় ঈমান ও দ্বীনদারিতার প্রশংসা করে শোকবার্তা লিখছেন।
আধুনিক চিকিৎসাবিজ্ঞানের যুগেও কীভাবে একজন মানুষ ১৪২ বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারেন, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।