বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: থাইল্যান্ডের ফুকেটে নিমজ্জিত পণ্যবাহী জাহাজ ‘SEALLOYD ARC’-এর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করেছে ৩য় নৌ অঞ্চল কমান্ড। নৌবাহিনীর সোনার (sonar) প্রযুক্তির সাহায্যে দেখা গেছে, জাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬১ মিটার গভীরে বালু ও কাদা মিশ্রিত তলদেশে সামান্য কাত হয়ে পড়ে আছে।
শিপিং সার্কেলের বিভিন্ন সূত্রে চট্টগ্রাম পাওয়া সংবাদে জানা গেছে, জাহাজটির মাস্তুল জলপৃষ্ঠ থেকে মাত্র ১৪ মিটার নিচে অবস্থান শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী দল ইতিমধ্যে জাহাজটির অবস্থান নিশ্চিত করতে সেখানে একটি বয়া (Buoy) স্থাপন করেছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো জাহাজটির ভেতরে থাকা বিপুল পরিমাণ পণ্য। মালিক পক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নিমজ্জিত জাহাজটির খোলের (hold) ভেতরে এখনও ২১০টি কন্টেইনার আটকে আছে। এছাড়া সমুদ্রে ভাসমান সম্ভাব্য ৭৯টি কন্টেইনারের মধ্যে ১৯টি শনাক্ত করে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।
থাইল্যান্ডের ৩য় নৌ অঞ্চলের কমান্ডার ভাইস অ্যাডমিরাল উইরুদোম মুয়াংজিন জানিয়েছেন, জাহাজের ভেতরে থাকা কন্টেইনার এবং ১০০ টনের বেশি জ্বালানি তেল যাতে সমুদ্রের পরিবেশের বড় কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য বিশেষ ডুবুরি দল ও বিমান দিয়ে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
৭ ফেব্রুয়ারি থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ফুকেট উপকূল থেকে মাত্র চার নটিক্যাল মাইল দূরে জাহাজটি হঠাৎ ৩০ ডিগ্রি কাত হয়ে যায়। পরিস্থিতি বিপজ্জনক দেখে জাহাজের মাস্টার ক্যাপ্টেন শেখ মুনির আহমেদ দ্রুত ‘অ্যাব্যান্ডন শিপ’ (জাহাজ পরিত্যক্ত) ঘোষণা করেন এবং জরুরি সংকেত পাঠান।
থাই মেরিটাইম রেসকিউ সাব-সেন্টার অত্যন্ত দক্ষতার সাথে ১৬ জন নাবিককেই উদ্ধার করে। উদ্ধারকৃতরা বর্তমানে ফুকেটের একটি হোটেলে আছেন এবং তারা শারীরিকভাবে সুস্থ আছেন।










