Home আন্তর্জাতিক উত্তাল পাকিস্তান, মার্কিন কনস্যুলেটের সামনে সংঘর্ষে নিহত ১০:

উত্তাল পাকিস্তান, মার্কিন কনস্যুলেটের সামনে সংঘর্ষে নিহত ১০:

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন।
সংগৃহীত ছবি
রোববার (১ মার্চ, ২০২৬) করাচির মাই কোলাচি রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে এই সহিংসতার ঘটনা ঘটে। সিভিল হাসপাতাল করাচির (সিএইচকে) ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সাবির মেমন নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, হতাহতদের শরীরে গুলির ক্ষত পাওয়া গেছে।
সংগৃহীত ছবি
শনিবার তেহরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর শাহাদাত বরণের খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। করাচিতে বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সিন্ধু সরকারের মুখপাত্র হুসাইন মনসুর জানিয়েছেন, বিক্ষোভকারীরা ভাঙচুর চালালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
লাহোর: লাহোরে মার্কিন কনস্যুলেটের সামনে শত শত মজলিস ওয়াহদাত-ই-মুসলিমীন (এমডব্লিউএম) কর্মী জড়ো হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইসলামাবাদ: রাজধানীতে যেকোনো ধরনের সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে। মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গিলগিট-বালতিস্তান: স্কার্দু জেলায় কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীরা সেখানে জাতিসংঘ (UNMOGIP) কার্যালয়, স্কুল এবং পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে সেনাবাহিনী তলব করা হয়েছে।
সিন্ধু সরকার এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের যৌথ তদন্ত দল (JIT) গঠন করেছে। সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আইন হাতে তুলে নিলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
এদিকে ইসলামাবাদে মার্কিন দূতাবাস পাকিস্তানে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্ক থাকার এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। করাচির প্রধান সড়কগুলো বন্ধ থাকায় বিকল্প পথে যানচলাচল সচল রাখার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ।

নতুন সব খবরের আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।