বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পটিয়া: চট্টগ্রামের সাংবাদিকতা জগতের এক পরিচিত মুখ, পটিয়া উপজেলার কৃতি সন্তান আইয়ুব আলী (৫৫) আর নেই। সোমবার (২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। পরবর্তীতে সামান্য উন্নতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) জোহরের নামাজের পর পটিয়া উপজেলার শোভনদণ্ডী গ্রামে নিজ বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
আইয়ুব আলী দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় সক্রিয় ছিলেন। ১৯৮৪ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে অধ্যয়নকালে ‘সাপ্তাহিক সমতা’ পত্রিকার মাধ্যমে তার কলম ধরা শুরু। এরপর তিনি দৈনিক নয়াবাংলা, দৈনিক ঈশান, দৈনিক স্বাধীনতা ও দৈনিক ইনকিলাবে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ২০২১ সাল থেকে তিনি ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ইন্ডাস্ট্রি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
পেশাগত কাজের পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেও সুপরিচিত ছিলেন। আইয়ুব আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত আপ্যায়ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক হিসেবেও সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন।
১৯৭১ সালে জন্মগ্রহণ করা এই সাংবাদিক নেতা সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। তিনি নিজ গ্রামের শোভনদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির দুইবার নির্বাচিত সদস্য ছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আমাদের সব খবরের আপডেট পেতে ও নিয়মিত তথ্য জানতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।