আজহার মুনিম শাফিন, লন্ডন: লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের বিরুদ্ধে এই প্রতিবাদ জানানো হয়া
শনিবার লন্ডনের মিলব্যাংক এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের দিকে এগিয়ে যান। এই প্রতিবাদ কর্মসূচিতে ‘ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসার্মামেন্ট’, ‘স্টপ দ্য ওয়ার’, ‘প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন’সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। বিক্ষোভকারীরা ইরান ও ফিলিস্তিনের পতাকা বহন করার পাশাপাশি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের প্রথম দিনেই তিনি নিহত হন।
বিক্ষোভকারীরা অবিলম্বে ইরান ও মধ্যপ্রাচ্যে বোমাবর্ষণ বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, বর্তমান সংঘাতের ফলে পুরো অঞ্চলে অস্থিরতা বাড়ছে এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, এই মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন, তবে আয়োজক সংগঠনের দাবি এই সংখ্যা আরও অনেক বেশি।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। এর পাল্টা জবাবে ইরানও বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। পরিস্থিতির ভয়াবহতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিরাজ করছে এবং জাতিসংঘের পক্ষ থেকেও উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে।
এই সংবাদের পরবর্তী আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মতামত মন্তব্য করে আমাদের জানান।










