কামরুল ইসলাম
স্মৃতির ধুলো ঝাড়লে মাঝেমধ্যে এমন কিছু ঘটনা বেরিয়ে আসে, যা আজও গায়ের লোম খাড়া করে দেয়। আজ থেকে ৪৪ বছর আগের কথা। ১৯৮১ সালের শেষদিকে বা ১৯৮২ সালের প্রথমদিকে । আমি তখন ‘দৈনিক সংবাদ’-এ স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছি মাত্র । তরুণ রক্ত, চোখে সাংবাদিকতার নেশা আর মনে একরাশ ভয়-ভীতি। থাকতাম আমার অকৃত্রিম বন্ধু, সাবেক অতিরিক্ত সচিব আ স ম মামুনুর রহমান খলিলীর সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক (এফএইচ) হলের ১১৪ নম্বর রুমে।

সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল মাঠে ছিল বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন। আমার ওপর অ্যাসাইনমেন্টের দায়িত্ব পড়ল। সেই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আমাদের সংবাদেরই নিয়মিত কলামিস্ট, বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন। যথাসময়ে অনুষ্ঠান কভার করে ২৬৩ বংশাল রোডের অফিসে ফিরলাম।











