Home আন্তর্জাতিক হরমুজ প্রণালী বন্ধ: বৈশ্বিক জ্বালানি সংকটে চরম উদ্বেগ

হরমুজ প্রণালী বন্ধ: বৈশ্বিক জ্বালানি সংকটে চরম উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রেক্ষিতে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। বিশেষ করে হরমুজ প্রণালী প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। বিশ্বের মোট তেল পরিবহনের এক-তৃতীয়াংশ এবং এলএনজি সরবরাহের এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে সম্পন্ন হয়, যা এখন স্থবির।
ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলের তেল শোধনাগারগুলোর প্রায় ৩০% থেকে ৪০% ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রতিদিন প্রায় ১১ মিলিয়ন ব্যারেল তেল বাজার থেকে উধাও হয়ে গেছে। এর সরাসরি প্রভাবে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১৯ ডলারে পৌঁছেছে, যা যুদ্ধের আগে ছিল মাত্র ৭০ ডলার। ইউরোপীয় ইউনিয়নের তথ্যমতে, এর ফলে গ্যাস ও তেলের দাম যথাক্রমে ৭০% ও ৫০% বৃদ্ধি পেয়েছে, যা জীবাশ্ম জ্বালানি আমদানিতে অতিরিক্ত ১৩ বিলিয়ন ইউরোর বোঝা চাপিয়ে দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জি-৭ ভুক্ত দেশগুলোর নেতারা জরুরি বৈঠক করেছেন এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, ইউরোপীয় জ্বালানি মন্ত্রীরা চাহিদা কমানো এবং বিকল্প উৎস খুঁজে বের করতে আলোচনায় বসেছেন। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়লেও তা দাম নিয়ন্ত্রণে পর্যাপ্ত প্রমাণিত হয়নি।
ইউরোপের ঝুঁকি ও প্রস্তুতি
ইউরোপ সরাসরি মধ্যপ্রাচ্যের তেলের ওপর খুব বেশি নির্ভরশীল না হলেও ডিজেল এবং জেট ফুয়েলের মতো পরিশোধিত জ্বালানির জন্য সৌদি আরব ও কুয়েতের ওপর নির্ভরশীল। বর্তমান সংকটে ইউরোপীয় দেশগুলো কর হ্রাস এবং ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। স্লোভেনিয়ার মতো দেশগুলো ইতিমধ্যে জ্বালানি রেশনিং শুরু করেছে এবং অস্ট্রিয়া জ্বালানি কর কমিয়ে দিয়েছে।
ভবিষ্যৎ শঙ্কা: বিশ্লেষকদের মতে, ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো মেরামত করতে কয়েক মাস থেকে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে। যদি সংঘাত দ্রুত শেষও হয়, তবে এর অর্থনৈতিক প্রভাব এবং মুদ্রাস্ফীতি দীর্ঘমেয়াদী হতে পারে। বর্তমানে পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলো মধ্যস্থতার চেষ্টা করলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার তেমন কোনো প্রশমন লক্ষ্য করা যাচ্ছে না।
businesstoday24.com ফলো করুন, আপনার মূল্যবান মন্তব্য জানান।