
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হয়েছে গত বুধবার। ভারতের হায়দরাবাদ হাউসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত প্রথম উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে উঠে এসেছে ভিসা জটিলতা নিরসন এবং আলোচিত ব্যক্তিদের প্রত্যর্পণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো।
বৈঠকে ভারতীয় পক্ষ আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করার জোরালো প্রতিশ্রুতি দিয়েছে।
আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশি রোগীদের দ্রুততম সময়ে চিকিৎসা ভিসা প্রদান। বৈঠক শেষে এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে অভিহিত করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
বৈঠকের রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপট ছিল বেশ তাৎপর্যপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবং বিদ্যমান চুক্তি অনুযায়ী তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান। তবে সবচেয়ে আলোচিত বিষয় ছিল গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দিল্লির সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি উত্থাপন করা হলো।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দ্বিপাক্ষিক এই বৈঠকে স্পষ্ট করে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি এবং পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। এছাড়া জ্বালানি ও কৃষিখাতে সহযোগিতা বাড়াতে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করেন তিনি।
বাংলাদেশ থেকে ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ জানালে ভারতীয় মন্ত্রী বিষয়টি দ্রুত ও ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
একই সময়ে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রেরিত একটি বিশেষ চিঠি। বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের উদ্দেশে লেখা এই চিঠিটি গত মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে হস্তান্তর করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করে বিজয় চোথাউওয়ালে জানান, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
আমাদের পরবর্তী আপডেট পেতে www.businesstoday24.com ফলো করুন ।









