Home জাতীয় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

ম্যালেরিয়াজনিত জটিলতায় মৃত্যু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর।

জানা গেছে, কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় তার রক্তের প্লাটিলেট অস্বাভাবিকভাবে কমে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। অবস্থার অবনতি ঘটলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মাহবুবুর রহমান ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন এবং রাজস্ব ও বাণিজ্য খাতে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্মরণ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

দেশের বাণিজ্য প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালনরত এই জ্যেষ্ঠ কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে প্রশাসনিক ও ব্যবসায়ী মহলে শোক ও শূন্যতার অনুভূতি বিরাজ করছে।