বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকাশে এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে শিক্ষকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, পাঠ্যবইয়ের সীমাবদ্ধ জ্ঞানের বাইরে শিক্ষার্থীদের একজন পূর্ণাঙ্গ মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে রেড ক্রিসেন্টের বিকল্প নেই। শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন করে পুনর্জীবিত হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) নগরীর লালদিঘী সংলগ্ন মাহবুব আলম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত ‘যুব নেতৃত্ব বিষয়ে শিক্ষকদের কৌশলগত সংলাপ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আয়োজনে ও বাস্তবায়নে দিনব্যাপী এই সংলাপে নগরীর শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন।
ডা. শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, সহশিক্ষা কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। সামাজিক দায়বদ্ধতা এবং আর্তমানবতার সেবায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে রেড ক্রিসেন্টের যে ঐতিহ্য রয়েছে, তা তৃণমূল পর্যায়ে অর্থাৎ স্কুল-কলেজে ছড়িয়ে দিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম. এ. সালাম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যনির্বাহী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান এবং মো. এনামুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএলও মো. জিয়াউল হক ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যুব নেতৃত্ব গড়ে তুলতে এবং যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রস্তুত রাখতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। দিনব্যাপী এই সংলাপে শিক্ষকরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের রেড ক্রিসেন্ট ইউনিটকে আরও শক্তিশালী করার কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন।