বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: দেশের পুঁজিবাজারকে আধুনিক ও বহুমুখী করতে ভারতের সমৃদ্ধ অভিজ্ঞতা এবং কারিগরি দক্ষতা কাজে লাগাতে চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বিশেষ করে পণ্যভিত্তিক বা ‘কমোডিটি ডেরিভেটিভস’ বাজার গড়ে তুলতে ভারতের সফল মডেল অনুসরণের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
গত রবিবার (১৯ এপ্রিল ২০২৬) আগ্রাবাদে সিএসই কার্যালয় পরিদর্শনে এসে ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এই লক্ষ্য বাস্তবায়নে ভারতের পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
সফর উপলক্ষে আয়োজিত এক সৌজন্য সভায় সিএসই-এর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে একটি কৌশলগত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সিএসই-কে একটি পূর্ণাঙ্গ ‘মাল্টি অ্যাসেট ক্লাস এক্সচেঞ্জ’ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাজারের বহুমুখীকরণ এখন সময়ের দাবি। পণ্যভিত্তিক ডেরিভেটিভস বাজার এবং অন্যান্য নতুন অ্যাসেট ক্লাস সম্প্রসারণে ভারতের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।
এ সময় তিনি ভারতীয় ব্রোকার ও বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিদ্যমান সম্ভাবনাগুলো যাচাইয়ের আহ্বান জানান।
সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন তার বক্তব্যে বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “ভারত বাংলাদেশকে কেবল প্রতিবেশী নয়, বরং একজন প্রকৃত উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে। পুঁজিবাজার বিষয়ে ভারতের যে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে, তা আমরা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী।”
তিনি আরও জানান, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (MCX) বর্তমানে এই খাতে বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (SEBI)-এর আনুষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে সেই সফল মডেলটি সিএসই-র জন্য একটি কার্যকর ব্লুপ্রিন্ট হতে পারে।
যৌথ কারিগরি সেশন, বিশেষায়িত কর্মশালা এবং নলেজ ট্রান্সফার প্রোগ্রামের ওপর গুরুত্বারোপ করে ডা. রঞ্জন বলেন, এর ফলে বাংলাদেশের পণ্যখাত সংশ্লিষ্ট অংশীজনরা সঠিক মূল্য নির্ধারণ (Price Discovery) এবং ঝুঁকি ব্যবস্থাপনায় সক্ষম হবে।
অনুষ্ঠানে সিএসই-এর চেয়ারম্যান এ.কে.এম. হাবিবুর রহমান অভ্যাগত অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের এই দ্বিপাক্ষিক সহযোগিতা বাংলাদেশের আর্থিক খাতের দৃশ্যপট বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সিএসই-র বোর্ড পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী, নাজনীন সুলতানা এফসিএ-সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।