Home চট্টগ্রাম এক খুনের রেশ কাটতে না কাটতেই রাউজানে আবারও গুলিবর্ষণ

এক খুনের রেশ কাটতে না কাটতেই রাউজানে আবারও গুলিবর্ষণ

নাছির উদ্দীন। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাউজান: রাউজানে থামছেই না সহিংসতার মিছিল। এক হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই মাত্র ৪৩ ঘণ্টার ব্যবধানে আবারও চলল গুলি।
এবার উপজেলার কদলপুর ইউনিয়নে নাছির উদ্দীন (৪৫) নামে এক যুবদল কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমশের পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নাছির ওই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাজ্জাদ হোসাইন জানিয়েছেন, নাছিরের তলপেট ও পায়ে একাধিক গুলি লেগেছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এর আগে গত শুক্রবার দিবাগত রাতে রাউজান পৌরসভার আলিখিল গ্রামে কাউসারুজ্জামান নামে এক ওমান প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গুলিবর্ষণের ঘটনায় পুরো উপজেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের মতে, পাহাড় ও কৃষিজমি কাটা এবং মাটির ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বরও নাছির উদ্দীনকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নাছিরের বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলেও জানান তিনি। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে।