অল্পের জন্য রক্ষা পেলেন শ্রমিকরা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বিরামপুর ( দিনাজপুর): বিরামপুর পৌরসভার উপজেলা রোডে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলেন স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার দুপুর ১:২৯ মিনিটে ২৪৪ নম্বর হোল্ডিংয়ের সামনের বিশাল বাউন্ডারি ওয়ালটি হঠাৎ ধসে পড়ে। ঘটনার মাত্র কয়েক মিনিট আগে সেখানে শ্রমিকরা কাজ করছিলেন, যা থেকে বোঝা যায় এক বড় ধরনের প্রাণহানি থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে এলাকার মানুষ। কিন্তু এই ঘটনার পেছনে প্রাকৃতিক দুর্যোগের চেয়ে কর্তৃপক্ষের চরম অবহেলা ও ঠিকাদারের দায়িত্বজ্ঞানহীনতাকেই দায়ি করছেন ভুক্তভোগীরা।
ঘটনার বিবরণে জানা যায়, বাউন্ডারি ওয়াল সংলগ্ন পৌরসভার ড্রেইনটি সংস্কারের জন্য গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে খুঁড়ে রাখা হয়। নিয়ম অনুযায়ী দ্রুত সংস্কার কাজ শেষ করার কথা থাকলেও, দীর্ঘ দুই মাস ঠিকাদার ড্রেইনটি উন্মুক্ত অবস্থায় ফেলে রাখে।
বাড়ির মালিকের পক্ষ থেকে বারবার পৌরসভা এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে বিষয়টি জানানো হলেও তারা কেবল কালক্ষেপণ করেছেন। সাম্প্রতিক ভারি বর্ষণের ফলে খুঁড়ে রাখা ড্রেইনের পাশের মাটি সরে গিয়ে বাউন্ডারি ওয়ালের ভিত্তি নড়বড়ে হয়ে যায়, যার চূড়ান্ত পরিণতি হিসেবে এই ধস।
যোগাযোগ করা হলে বিরামপুর পৌরসভার প্রকৌশল শাখা জানিয়েছে যে তারা বিষয়টি অবহিত এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উপজেলা রোডের মতো একটি ব্যস্ততম এলাকায় এভাবে মাসের পর মাস সংস্কার কাজ ফেলে রাখা কেবল অনৈতিক নয়, বরং দণ্ডনীয় অপরাধের শামিল। বর্তমানে দেয়ালটি ভেঙে পড়ায় পুরো বাড়িটি এখন অরক্ষিত ও নিরাপত্তাহীন হয়ে পড়েছে। একটি সরকারি উন্নয়নমূলক কাজ জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে—এমনটি কোনোভাবেই কাম্য নয়।
কর্তৃপক্ষের অবিলম্বে এই দুর্ঘটনার দায় গ্রহণ করা উচিত এবং দ্রুত সংস্কার কাজ শেষ করে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায়, ভবিষ্যতে এমন অবহেলায় আরও বড় কোনো প্রাণহানি ঘটলে তার দায়ভার কে নেবে?










