Home অন্যান্য হিমালয়ের দুর্গম শৃঙ্গ জয় করলেন পর্বতারোহী সাজিদ

হিমালয়ের দুর্গম শৃঙ্গ জয় করলেন পর্বতারোহী সাজিদ

সাজিদ আলী সদপারা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিশিষ্ট পর্বতারোহী সাজিদ আলী সদপারা হিমালয়ের দুর্গম শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করেছেন। বিশ্বের পঞ্চম সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গে তিনি কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করেন, যা তার ক্যারিয়ারের আরেকটি বড় সাফল্য।

নেপালে অবস্থিত মাউন্ট মাকালুর উচ্চতা ৮,৪৮৫ মিটার (২৭,৮৩৮ ফুট)। মাকালুকে বিশ্বের অন্যতম কঠিন এবং টেকনিক্যাল পর্বত হিসেবে বিবেচনা করা হয়।

সাজিদ আলী সদপারা পাকিস্তানের কিংবদন্তি পর্বতারোহী প্রয়াত মোহাম্মদ আলী সদপারার ছেলে। তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে বিশ্বের সবকটি ‘আট হাজারি’ (৮,০০০ মিটারের বেশি উচ্চতার) শৃঙ্গ কৃত্রিম অক্সিজেন ছাড়া জয় করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। মাউন্ট মাকালু আরোহণ ছিল এই অভিযানের অংশ হিসেবে তার ১০ম সফল ৮,০০০ মিটার বিজয়।

তার এই অসামান্য কৃতিত্বের জন্য পাকিস্তানের আলপাইন ক্লাব এবং দেশের বিশিষ্টজনেরা সাজিদ সদপারাকে অভিনন্দন জানিয়েছেন। তারা তার সাহস, ধৈর্য এবং পর্বতারোহণে দক্ষতার প্রশংসা করেছেন এবং বলেছেন যে তার এই সাফল্য পাকিস্তানের তরূণ পর্বতারোহীদের অনুপ্রাণিত করবে।

সাজিদ সদপারা এর আগে মাউন্ট এভারেস্ট, কে-২, নাঙ্গা পর্বত সহ বেশ কয়েকটি বিপজ্জনক শৃঙ্গ জয় করেছেন। কে-২ পর্বত তিনি দুইবার আরোহণ করেন, যার মধ্যে একবার কৃত্রিম অক্সিজেন ছাড়াই। ২০২১ সালে শীতকালীন অভিযানে কে-২ পর্বতে তার বাবা  আলী সদপারা নিখোঁজ হন এবং পরে মারা যান। সাজিদ সেই দলের অংশ ছিলেন কিন্তু অক্সিজেন রেগুলেটরের সমস্যার কারণে তিনি ক্যাম্প-৩ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। বাবার মৃত্যুর পরেও সাজিদ তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি এবং সাহসের সাথে পর্বতারোহণ চালিয়ে যাচ্ছেন।