বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খাগড়াছড়ি: জেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র। আর এই কেন্দ্রের মূল আকর্ষণ হলো আলুটিলা রহস্যময় গুহা। পাহাড়ের চূড়া থেকে ২৬৬টি সিঁড়ি বেয়ে নিচে নামলেই দেখা মেলে এই প্রাকৃতিক গুহার। স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষায় এর নাম ‘তাকাবলাই’, যার অর্থ বাদুড় পাহাড়ের গুহা।
পাহাড়ের তলদেশ দিয়ে বয়ে যাওয়া এই গুহাটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং পাথুরে। প্রায় ২৮২ ফুট দীর্ঘ এই সুরঙ্গটির একমুখ দিয়ে ঢুকে অন্যমুখ দিয়ে বের হতে সময় লাগে আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট।
গুহার ভেতরের পরিবেশ চির অন্ধকার ও শীতল। নিচে সারাবছরই হিমশীতল পানি প্রবাহিত হয় এবং পাথুরে দেয়াল বেয়ে পানি চুইয়ে পড়ে। মশাল বা টর্চের আলো জ্বেলে এই অন্ধকার গুহা পাড়ি দেওয়া যেকোনো ভ্রমণপিপাসুর জন্য এক অনন্য ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।
বর্তমানে পর্যটকদের যাতায়াত সহজ করতে গুহার ভেতরে পিচ্ছিল পাথরের ওপর হাঁটার জন্য কিছুটা সংস্কার করা হয়েছে। খাগড়াছড়ির নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এই রহস্যময় সুড়ঙ্গের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার রোমাঞ্চ উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের এমন মেলবন্ধন বাংলাদেশের পর্যটনে আলুটিলা গুহাকে এক বিশেষ স্থানে বসিয়েছে।
এমন তথ্যবহুল ও চমৎকার কন্টেন্ট পেতে businesstoday24.com পেজটি ফলো করুন।