Home সারাদেশ কবর থেকে মাথা চুরি: নেপথ্যে কি তবে কালো জাদুর থাবা?

কবর থেকে মাথা চুরি: নেপথ্যে কি তবে কালো জাদুর থাবা?

ছবি এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: লালমাইয়ে দাফনের পাঁচ মাস পর কবর থেকে এক কিশোরের গলিত লাশ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামে এই নৃশংস ও রোমহর্ষক ঘটনাটি ঘটে। এই ঘটনা সামনে আসার পর পুরো এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাওড়া এলাকার বাবুল মিয়ার ১৩ বছরের ছেলে মারুফ প্রায় ৫ মাস আগে বিষপানে আত্মহত্যা করে। ঘটনার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
রোববার (১৭ মে) বিকেলে স্থানীয় কয়েকজন যুবক ওই কবরস্থানের পাশের একটি গাছে তাল কাটতে যান। তখন তারা হঠাৎ দেখতে পান, কবর থেকে কাফনের কাপড়বিহীন একটি গলিত লাশ বাইরে টেনে বের করে রাখা হয়েছে এবং লাশের শরীরের ওপরের অংশটি মাথাবিহীন।
খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে মারুফের পরিবার ঘটনাস্থলে গিয়ে এটি মারুফেরই লাশ বলে শনাক্ত করে। তাদের ধারণা, গভীর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা কবর খুঁড়ে লাশটি বের করে ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে নিয়ে যায়।
কবরের এই নৃশংস রূপ দেখে হতভম্ব স্থানীয়রা। ঘটনার পেছনে কোনো কুচক্রী মহলের কালো জাদুর (যাদু-টোনা) যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর মতে, যারা তন্ত্র-মন্ত্র ও ওঝাগিরির নামে মানুষের সাথে প্রতারণা করে, তারাই সম্ভবত জাদুটোনার কাজে ব্যবহারের জন্য এই লাশের মাথা এবং কাফনের কাপড় চুরি করেছে।
এ ধরনের বিকৃত ও অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পরপরই লালমাই থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল ও তদন্তের প্রাথমিক প্রক্রিয়া শেষে রোববার বিকেলেই পরিবারের সম্মতিতে মাথাবিহীন গলিত লাশটি পুনরায় একই কবরে দাফন করা হয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। কবর থেকে লাশের মাথা কেটে নেওয়ার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।