Home রাজনীতি নাসীরুদ্দীনের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ 

নাসীরুদ্দীনের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বর্বরোচিত ও পরিকল্পিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁও। ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলাটিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের আর্ট গ্যালারি চত্বর থেকে জেলা এনসিপির নেতাকর্মীদের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় গিয়ে সমবেত হয়। পরবর্তীতে সেখানে ঘণ্টাব্যাপী এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে জেলা এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অত্যন্ত জোরালো বক্তব্য পেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব খলিলুর রহমান এবং গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপু।
আরও বক্তব্য রাখেন দলটির অন্যতম সদস্য জেমি আক্তার, যুবশক্তি কমিটির জেলা সদস্য সচিব মাহফুজুর রহমান, ছাত্রশক্তি জেলা সদস্য সচিব আব্দুল্লাহ আল ইউসুফ এবং বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক জুনায়েদ আল ফুয়াদসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে রাজনৈতিক মতপ্রকাশের মৌলিক অধিকারকে স্তব্ধ ও দমিয়ে রাখতেই পরিকল্পিতভাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসামূলক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ প্রশাসনকে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে হলে অনতিবিলম্বে সকল ধরনের সন্ত্রাসী ও হামলামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার এই সংস্কৃতি বন্ধ না হলে আগামীতে দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও তীব্র ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
 businesstoday24.com-এর সাথেই থাকুন।