Home আন্তর্জাতিক টেক্সাসে মুসলিম নেতৃত্বাধীন আবাসন প্রকল্প: এগিয়ে মেডো

টেক্সাসে মুসলিম নেতৃত্বাধীন আবাসন প্রকল্প: এগিয়ে মেডো

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কেন্দ্রস্থলে একটি মুসলিম নেতৃত্বাধীন পরিকল্পিত শহর গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত নির্দেশ দিয়েছে যে, অঙ্গরাজ্য সরকারকে অবশ্যই প্রকল্পটির ডেভেলপারদের সাথে করা চুক্তি মেনে চলতে হবে।
প্রকল্পের বিস্তারিত
ইস্ট প্ল্যানো ইসলামিক কমিউনিটি (EPIC) মসজিদ কর্তৃপক্ষ ডালাসের কাছে জোসেফাইন শহরের উপকণ্ঠে তাদের অনুসারীদের জন্য এই নতুন জনপদ গড়ে তোলার পরিকল্পনা করেছে। প্রাথমিকভাবে প্রকল্পটির নাম ‘এপিক সিটি’ (EPIC City) রাখা হলেও গত বছর এটিকে ‘দ্য মেডো ’ (The Meadow) হিসেবে নতুন নামকরণ করা হয়। ১০০০টি বাড়ি নিয়ে পরিকল্পিত এই মাস্টার-প্ল্যান সিটিতে একটি বিশাল মসজিদ, সবুজ চত্বর এবং শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে।
আইনি লড়াই ও আদালতের রায়
প্রকল্পটির ডেভেলপার প্রতিষ্ঠান ‘কমিউনিটি ক্যাপিটাল পার্টনার্স’-এর সাথে টেক্সাস ওয়ার্কফোর্স কমিশন একটি চুক্তি করেছিল। কিন্তু পরবর্তীতে আবাসন নীতি লঙ্ঘনের অভিযোগ তুলে কমিশন প্রকল্পের পরবর্তী ধাপগুলো স্থগিত করে দেয়। এর জবাবে ডেভেলপাররা আদালতের দ্বারস্থ হয়। ট্রাভিস কাউন্টির একজন বিচারক সম্প্রতি ডেভেলপারদের পক্ষে রায় দেন এবং রাজ্য সরকারের মামলা খারিজের আবেদন নাকচ করে দেন।
ডেভেলপার প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ইমরান চৌধুরী এক বিবৃতিতে বলেন, “এই রায় নিশ্চিত করে যে আমরা শুরু থেকেই টেক্সাসের আইন মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।”
বিরোধিতা ও বিতর্ক
এই প্রকল্পটির বিরুদ্ধে শুরু থেকেই সরব স্থানীয় বাসিন্দাদের একটি অংশ এবং টেক্সাসের শীর্ষ রাজনীতিবিদরা। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এবং অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন দাবি করেছেন যে, এই প্রকল্পের মাধ্যমে সেখানে শরিয়া আইন কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে।
গভর্নর অ্যাবট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, “এই ভ্রান্ত আদালতের রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আপিল করা হয়েছে এবং এটি স্থগিত করা হয়েছে। তথাকথিত এই শহরটি কখনোই আলোর মুখ দেখবে না।”
বিচিত্র জনপদ নাকি মৌলবাদের শঙ্কা?
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এটি কেবল মুসলিমদের জন্য নয়, বরং যে কেউ এখানে বসবাস করতে পারবে। তবে এপিক (EPIC) মসজিদের অন্যতম ইমাম ড. ইয়াসির কাজীর পুরনো কিছু বিতর্কিত বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কাউন্টার-এক্সট্রিমিজম বিশ্লেষকদের মতে, এ ধরনের আলাদা জনপদ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উগ্রবাদ ছড়িয়ে দিতে পারে।
ডালাসের উত্তরে অবস্থিত এপিক (EPIC) মসজিদটি টেক্সাসের অন্যতম বৃহত্তম মসজিদ, যেখানে প্রায় ৩,২০০ মুসল্লি একসাথে প্রার্থনা করতে পারেন। এই আবাসন প্রকল্প ঘিরে টেক্সাসের ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যা এবং ইসলামোফোবিয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।