Home সারাদেশ রামগড়ে লিচু কেনার ফাঁদে অপহরণ, জিম্মি করে ভিডিও

রামগড়ে লিচু কেনার ফাঁদে অপহরণ, জিম্মি করে ভিডিও

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড়:  রামগড়ে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে দুই বাঙালি মোটরসাইকেল চালক অপহরণ ও নৃশংস নির্যাতনের শিকার হয়েছেন। অপহৃতরা হলেন— গুইমারা বাজারের মোটরসাইকেল চালক নুরুল হক (২৩) এবং তার ভাগিনা নাজমুল ইসলাম (১৮)।
ফাঁদ পেতে অপহরণ ও ভিডিও ধারণ
ঘটনার বিবরণীতে জানা যায়, গত ২৮ মে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সজল মারমা নামের এক উপজাতি ব্যক্তি ৫০০ টাকার বিনিময়ে রামগড়ের পাগলাপাড়া লিচুবাগান এলাকা থেকে লিচু আনার জন্য নুরুল হককে ভাড়া করে। নুরুল হক তার মোটরসাইকেলে ভাগিনা নাজমুলকে সাথে নিয়ে ওই বাগানে যান। বাগান থেকে মাত্র ১০০টি লিচু দেওয়ার পর তাদের মনে খটকা লাগে এবং তারা সজল মারমাকে ফোনে বিষয়টি জানান।
পরবর্তীতে তারা লিচু নিয়ে গুইমারার উদ্দেশ্যে রওনা হলে পাগলাপাড়া এলাকার মাঝামাঝি স্থানে ৫-৬ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল গাছের গুঁড়ি ফেলে তাদের পথ রোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের জোরপূর্বক ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সদস্য হিসেবে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় এবং সন্ত্রাসীরা এর ভিডিও ধারণ করে। এরপর চোখ বেঁধে দিনভর তাদের বিভিন্ন পাহাড়ে ঘুরিয়ে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে থলিবাড়ি ও তৈইচাকমা এলাকার মাঝামাঝি স্থানে তাদের অজ্ঞান অবস্থায় ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান
খবর পেয়ে খাগড়াছড়ির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বি-টাইপ টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে পুলিশের সহায়তায় জঙ্গল থেকে অচেতন অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করা হয়।
উদ্ধার করার পরপরই তাদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত এবং স্বাভাবিক রয়েছে। এই বর্বরোচিত ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।