বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিগত সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বিশাল অংকের বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন।
দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে ‘কঠিন’ হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে সরকারের পক্ষে ঢালাওভাবে সব খাতে কর ছাড় বা বিশেষ আর্থিক সুবিধা প্রদান করা সম্ভব নয়। তবে ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি জানান, সরকার ব্যবসা সহজীকরণের পথে বিদ্যমান যাবতীয় প্রশাসনিক ও আনুষঙ্গিক প্রতিবন্ধকতা দূর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জ্বালানি খাতের সংকট নিয়ে অর্থমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। শুধুমাত্র এই খাতেই সরকারকে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির ওপর বাড়তি চাপের সৃষ্টি করেছে।
সরকারের অর্থনৈতিক দর্শনের কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে মুক্তবাজার অর্থনীতির ধারণায় পরিচালিত হবে। ব্যক্তিখাতের উন্নয়নই হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। তিনি প্রতিশ্রুতি দেন যে, তৈরি পোশাক শিল্পের মতো অন্য কোনো সম্ভাবনাময় রফতানি খাত সামনে এলে সরকার তাদেরও সমভাবে নীতিগত ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।