Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের উবারে বন্দুকধারীর তাণ্ডব: নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের উবারে বন্দুকধারীর তাণ্ডব: নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনার মাঝেই যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাওয়ার পথে চলন্ত গাড়ি থেকে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবারসহ বেশ কয়েকটি গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। মাত্র ৩০ মিনিটের এই তাণ্ডবে ১ জন নিহত এবং এক কিশোরসহ ৪ জন আহত হয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কানসাস সিটির প্রায় ৫ মাইল এলাকাজুড়ে মোট পাঁচটি স্থানে এই গুলির ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি ঘটনা ঘটে শহরের কেন্দ্র দিয়ে যাওয়া ইন্টারস্টেট ৭০ ও ৬৭০ মহাসড়কে। প্রতিটি দুর্ঘটনাস্থলই অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত ৪ মাইল দূরে ছিল, যেখানে ওই রাতে আর্জেন্টিনার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-কে দেওয়া সাক্ষাৎকারে খেলা দেখতে আসা দুই আর্জেন্টাইন সমর্থক জানান, তারা ম্যাচ দেখার জন্য একটি উবার ক্যাবে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি গাড়ি তাদের উবারের পাশে চলে আসে এবং ক্যাব লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা চাকা ফেটে যাওয়ার শব্দ মনে করলেও পরে দেখেন চালক রক্তাক্ত হয়েছেন। ঘটনার পর পুলিশ তাদের জবানবন্দি নেয় এবং নিজেদের টহল গাড়িতে করে স্টেডিয়ামে পৌঁছে দেয়। কানসাস সিটি পুলিশের ক্যাপ্টেন জ্যাকব বেচিনা জানিয়েছেন, সৌভাগ্যবশত উবার চালকের আঘাত আশঙ্কাজনক নয়।
অন্য দুটি গুলির ঘটনা ঘটে শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোড এলাকায়। ভুক্তভোগীরা প্রত্যেকেই জানিয়েছেন, মহাসড়ক বা সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আকস্মিক অন্য একটি গাড়ি থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যেই ট্রুম্যান রোডে একটি গাড়ি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় ওই গাড়ির চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার শরীরে গুলির ক্ষত আবিষ্কার করেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ এই হামলার জন্য ২২ বছর বয়সী এক সশস্ত্র যুবককে সন্দেহ করছে, যে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তদন্তকারীরা সন্দেহভাজনের অবস্থান কানসাস সিটির পূর্বাঞ্চলীয় উপশহর ইনডিপেনডেন্স এলাকার একটি বাড়িতে শনাক্ত করে অভিযান চালালেও তাকে সেখানে পাওয়া যায়নি। পার্শ্ববর্তী কানসাস অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, গত ১১ জুন অবৈধভাবে অস্ত্র উঁচিয়ে গুলি করার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তাকে অত্যন্ত ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করে খোঁজা হচ্ছে। বিশ্বকাপ চলাকালীন এমন সহিংসতায় কানসাস সিটির ফুটবল ভক্তদের মাঝে তীব্র আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
Visit www.businesstoday24.com