Home আন্তর্জাতিক অপেক্ষায় আসতেকা, শাকিরার নৃত্যে রঙিন হবে উদ্বোধনী মঞ্চ

অপেক্ষায় আসতেকা, শাকিরার নৃত্যে রঙিন হবে উদ্বোধনী মঞ্চ

স্পোর্টস ডেস্ক
মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা (মেক্সিকো সিটি স্টেডিয়াম) আজ মুখরিত হতে যাচ্ছে ফুটবল এবং সংগীতের এক অপূর্ব মেলবন্ধনে। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচটি মাঠে গড়ানোর ঠিক দেড় ঘণ্টা আগে শুরু হবে এই চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবল ইতিহাসের বৃহত্তম এই আসরের শুরুটাকে স্মরণীয় করে রাখতে আয়োজকেরা রাখছেন নানা চমক।
মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত তারকারা
কলম্বিয়ান পপ কুইন শাকিরা
উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন একঝাঁক আন্তর্জাতিক পপ ও হিপ-হপ তারকা। কলম্বিয়ান পপ কুইন শাকিরা তাঁর চিরচেনা লাতিন ছন্দ আর ড্যান্স মুভস নিয়ে মঞ্চে ফিরছেন, যা ফুটবলপ্রেমীদের মাঝে আলাদা উন্মাদনা তৈরি করেছে। তাঁর সঙ্গে মঞ্চ শেয়ার করবেন লাতিন গ্র্যামি বিজয়ী তারকা জে বালভিন। আফ্রোবিটসের জনপ্রিয় মুখ বার্না বয় এবং এই সময়ের সেনসেশন টাইলা তাঁদের চেনা ছন্দে মাতিয়ে রাখবেন গ্যালারি ও পর্দার কোটি কোটি দর্শককে।
মেক্সিকান ঐতিহ্য ও আধুনিকতার ফিউশন
অনুষ্ঠানের একটি বড় অংশ জুড়ে থাকবে মেক্সিকোর নিজস্ব সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্যের প্রদর্শনী। প্রথাগত মারিয়াচি সংগীতের সুরের সাথে আধুনিক লেজার শো, ত্রিমাত্রিক (থ্রিডি) প্রজেকশন ম্যাপিং এবং ড্রোন শোর এক অনবদ্য ফিউশন দেখা যাবে। প্রায় পাঁচ শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী ও পারফর্মার এই সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছেন, যা মেক্সিকোর ইতিহাস ও আতিথেয়তাকে বিশ্বের দরবারে তুলে ধরবে।
ইতিহাসের সাক্ষী এস্তাদিও আসতেকা
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি যেখানে অনুষ্ঠিত হচ্ছে, সেই ভেন্যুটির নিজস্ব একটি বিশাল ইতিহাস রয়েছে। এটিই পৃথিবীর একমাত্র স্টেডিয়াম যা ১৯৭০ ও ১৯৮৬ সালের পর এবার ২০২৬ সালে এসে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে। পেলে এবং ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক মাঠে ৮০ হাজারেরও বেশি দর্শক সরাসরি এবং বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় এই জমকালো আয়োজন উপভোগ করবেন।
Visit www.businesstoday24.com