বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আজ ১৮ জানুয়ারি রবিবার বিকেলে নগরীর বিভারলি হিলে দক্ষিণ রাউজানের ৫টি ইউনিয়নের (উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান, পাহাড়তলী ও কদলপুর) বিভিন্ন শ্রেণী-পেশার মহিলা নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তারের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট ফারহানা আক্তার চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন: “একটি দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ অপরিহার্য। রাউজানের প্রতিটি ঘরে ঘরে আমাদের আদর্শ পৌঁছে দিতে হবে। বর্তমানে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। রাউজানের নারী সমাজ অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও যেকোনো অধিকার আদায়ের আন্দোলনে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের ঐক্যই হবে আমাদের মূল শক্তি।”
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার। তিনি তরুণ ও নারী নেতৃত্বকে আধুনিক ও সময়োপযোগী রাজনৈতিক চর্চায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাছান মোহাম্মদ জসীম।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং আসন্ন দিনগুলোতে গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় রাউজান উপজেলা ও উত্তর জেলা বিএনপি, যুবদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও নারী নেত্রীবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।