Home সারাদেশ ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা

ফেনীর সোনাগাজীতে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ (ডানে) এবং কার্যসহকারী আবু নাসের।

পিআইও ও কার্যসহকারী আটক: দুদকের ঝটিকা অভিযান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফেনী: সোনাগাজীতে বিলের অর্থ ছাড় করাতে গিয়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক হয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও তার অফিসের এক কার্যসহকারী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন— উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং কার্যসহকারী আবু নাসের

দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলায় পাঁচটি সেতু প্রকল্পের কাজ শেষ করেছিলেন উপ-ঠিকাদার হুমায়ুন কবির। কাজের বিল জমা দেওয়ার পর সেই অর্থ ছাড়ের বিনিময়ে পিআইও এবং তার সহকারী মিলে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে। ঘুষ দিতে রাজি না হওয়ায় দীর্ঘ সময় ধরে বিলের টাকা আটকে রাখা হয়েছিল।

পরবর্তীতে নিরুপায় হয়ে ওই ঠিকাদার দুদককে বিষয়টি লিখিতভাবে জানান। অভিযোগ অনুযায়ী, ইতিপূর্বে তিনি সাড়ে পাঁচ লাখ টাকা পরিশোধ করেছিলেন। আজ বাকি কিস্তির এক লাখ টাকা দেওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুদকের টিম তাদের কার্যালয় থেকেই হাতেনাতে আটক করে।

  • দুদকের নোয়াখালী সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ জানান:
  • গত ২৩ ফেব্রুয়ারি ভুক্তভোগী ঠিকাদার লিখিত অভিযোগ দিয়েছিলেন।
  • প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আল সাঈদ ইতিপূর্বে বিভিন্ন প্রকল্প থেকে আরও প্রায় ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন।
  • জব্দকৃত এক লাখ টাকাসহ আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এই অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক কর্মকর্তা চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে  নিয়মিত মামলা দায়ের করেন বলে জানানো হয়েছে।


businesstoday24.com-কে ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।