Home Second Lead জলাবদ্ধতা রুখতে বিশেষ অভিযানে চসিক: ৪১ ওয়ার্ডেই চলবে কার্যক্রম

জলাবদ্ধতা রুখতে বিশেষ অভিযানে চসিক: ৪১ ওয়ার্ডেই চলবে কার্যক্রম

সংগৃহীত ছবি
পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কোনো ছাড় নয়: সিটি মেয়র
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আসন্ন বর্ষা মৌসুমে চট্টগ্রাম নগরীর চিরচেনা জলাবদ্ধতা সমস্যা নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি হিসেবে নালা-নর্দমা ও খাল পরিষ্কারের বিশেষ অভিযানে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামাল খান লিচু বাগান এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকাল সাড়ে ৯টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। কার্যক্রমের সূচনা করে তিনি বলেন, “জলাবদ্ধতা এই নগরীর অন্যতম প্রধান অন্তরায়। বর্ষায় নগরবাসীর দুর্ভোগ কমাতে আমরা এবার আগেভাগেই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”
চসিক মেয়র এ সময় সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেন। তিনি জানান, নগরীর ৪১টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে এই বিশেষ অভিযান চলবে। প্রতিটি এলাকার নালা ও ড্রেন থেকে পলি ও আবর্জনা অপসারণ করে পানি চলাচলের পথ সুগম করার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নিয়মিত তদারকির মাধ্যমে এ কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করা হবে। তবে নালা-নর্দমায় পলিথিন বা কঠিন বর্জ্য না ফেলার জন্য নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া জলাবদ্ধতা পুরোপুরি নির্মূল করা কঠিন বলে মনে করছে সংস্থাটি।
পরিকল্পিতভাবে এই বিশাল কর্মযজ্ঞ শেষ হলে আসন্ন বর্ষায় নগরীর নিম্নাঞ্চলগুলোতে জলজট অনেকটাই কমে আসবে বলে আশা করছে চট্টগ্রামবাসী।

আমাদের নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন