বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশ জিতবে, আর পরাজিত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে গঠিত কোনো সরকারই জনগণের প্রকৃত উপকারে আসবে না।
মঙ্গলবার যশোর জেলা জামায়াতের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নারী নিরাপত্তা এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরেন।
যশোরের জন্য বিশেষ প্রতিশ্রুতি
যশোরের উন্নয়নে জামায়াত আমীর বলেন, “ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে। যশোরবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল সংক্রান্ত দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। আমরা ক্ষমতায় গেলে এসবের বাস্তবায়ন নিশ্চিত করব।”
নারী নিরাপত্তা ও কর্মসংস্থান
নারীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “যারা এখন মা-বোনদের ওপর হাত তোলে, ভবিষ্যতে তাদের হাতে কোনো নারী নিরাপদ থাকবে না। একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস আর অন্যদিকে নারীদের লাঞ্ছিত করা—এ দুটো একসাথে চলতে পারে না।”
তিনি আরও জানান, ক্ষমতায় গেলে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড নয়, বরং কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করা হবে এবং বড় শহরগুলোতে নারীদের জন্য আলাদা ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।
যুব সমাজ ও রাষ্ট্র সংস্কার
বেকারত্ব নিরসন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, “আমরা বেকার ভাতা দিয়ে যুবকদের অলস হিসেবে পরিচিত করতে চাই না। বরং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বেকার ভাতা মূলত বেকারত্বকে উৎসাহিত করে।”
প্রশাসনের প্রতি আহ্বান ও নির্বাচনী বার্তা
রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের কোনো বিশেষ দলের পক্ষে কাজ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন:
চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত রাষ্ট্র গড়তে হবে।
জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের যথাযথ সম্মান দিতে হবে।
পুরোনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
সবশেষে তিনি দুর্নীতিবাজ, দখলদার ও লুটপাটকারীদের বিরুদ্ধে যুব সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং রাষ্ট্র সংস্কার ও জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করার উদাত্ত আহ্বান জানান।