Home আন্তর্জাতিক ৩০ হাজার জার্মান পর্যটক আটকা, শুরু হয়েছে উদ্ধার তৎপরতা

৩০ হাজার জার্মান পর্যটক আটকা, শুরু হয়েছে উদ্ধার তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক 
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র সামরিক উত্তজনা এবং আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার ফলে চরম সংকটে পড়েছেন হাজার হাজার বিদেশি পর্যটক। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৩০,০০০ জার্মান পর্যটক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমানের বিভিন্ন রিসোর্ট, হোটেল এবং ক্রুজ শিপে আটকা পড়ে আছেন।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে পারস্য উপসাগরে অবস্থানরত বিশালাকার ক্রুজ শিপগুলোতে। ‘মেইন শিফ ৪’ (Mein Schiff 4) এবং ‘মেইন শিফ ৫’ (Mein Schiff 5)-এর মতো বিলাসবহুল জাহাজে থাকা হাজার হাজার যাত্রী বর্তমানে দুবাই, আবুধাবি এবং দোহা বন্দরে আটকা পড়ে আছেন।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এসব জাহাজের ডেক বা খোলা জায়গায় যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে এবং যাত্রীদের জানালার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশসীমা বন্ধ থাকায় নির্ধারিত সময়ে বিমান যোগে দেশে ফেরার পথও আপাতত বন্ধ।
দুবাই, আবুধাবি এবং দোহা বিমানবন্দরগুলো মধ্যপ্রাচ্যের প্রধান ট্রানজিট হাব হওয়ায় সংঘাতের শুরুতেই কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। জার্মান পর্যটন সংস্থা ‘ডিআরভি’ (DRV) জানিয়েছে, কেবল জার্মান অপারেটরদের মাধ্যমেই প্রায় ৩০ হাজার পর্যটক এই অঞ্চলে ভ্রমণে ছিলেন।
সংঘাতের কারণে অনেক এয়ারলাইনস তাদের রুট পরিবর্তন করেছে অথবা কার্যক্রম স্থগিত রেখেছে, ফলে সাধারণ পর্যটকদের পাশাপাশি অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী নারীরাও বিপাকে পড়েছেন।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে সামরিক উপায়ে সবাইকে উদ্ধার করা সম্ভব নয়, তবে সরকার বিকল্প ব্যবস্থার চেষ্টা করছে। জার্মানি ইতোমধ্যে ওমান ও সৌদি আরবে বিশেষ চার্টার্ড বিমান পাঠিয়ে অসুস্থ যাত্রী, শিশু এবং গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া বড় পর্যটন সংস্থা যেমন ‘TUI’ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আটকা পড়া যাত্রীদের থাকা-খাওয়ার খরচ বহনের ঘোষণা দিয়েছে। তবে সংঘাত দীর্ঘায়িত হলে মানবিক সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

businesstoday24.com-এর সাথেই থাকুন। নিয়মিত সংবাদ পেতে আমাদের ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত মন্তব্যের ঘরে জানান।