বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রনেতা ও ‘জুলাই যোদ্ধা’ খোরশেদ আলম (২৬)। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার শাহ আলমের ছেলে এবং শহরের ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খোরশেদ আলম তার এক নারী সহকর্মীসহ কবিতা চত্বর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তার বন্ধু ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতের পেট ও পায়ে গভীর ক্ষত ও অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাতেই কক্সবাজার শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতালের সামনে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভিড় জমান এবং বিচারের দাবিতে স্লোগান দেন।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করেছেন। তিনি বলেন: “খোরশেদকে পরিকল্পিতভাবে টার্গেট করে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তিনি বলেন: ঘটনার সময় নিহতের সঙ্গে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যাচাই করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত কোনো কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে প্রশাসন।