বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধি (পিআর) পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরিসহ (লেভেল প্লেইং ফিল্ড) পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ইসলামী দলগুলো।
এই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস রবিবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে—১৮ সেপ্টেম্বর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা-উপজেলায় বিক্ষোভ।
পাঁচ দফা দাবি
খেলাফত মজলিসের ঘোষিত পাঁচ দাবি হলো—
১. জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন,
২. আওয়ামী লীগের দোসর ও ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ,
৩. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা,
৪. জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন,
৫. আসন্ন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মামুনুল হকের বক্তব্য
মামুনুল হক বলেন, “ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন হবে। কিন্তু বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। তারা ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন করবে না। তাই কোনোভাবেই পিআর ছাড়া উচ্চকক্ষ বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, আটটি দলের সঙ্গে যুগপৎ কর্মসূচির বিষয়ে আলোচনা চলছে। অধিকাংশ দলের দৃষ্টিভঙ্গি এক—বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। তবে এখনো সময়সীমা চূড়ান্ত হয়নি।
জামায়াত, ইসলামী আন্দোলন ও নেজামে ইসলাম
জামায়াতে ইসলামী আজ সোমবার আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের কর্মসূচি ঘোষণা করবে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, দুপুর ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এক বিবৃতিতে বলেন, “চব্বিশের জুলাইয়ে রক্ত-জীবন উৎসর্গ করা হয়েছে স্বৈরতন্ত্র উৎখাতের জন্য। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজনের চেষ্টা হচ্ছে। তাই সব স্বৈরাচারবিরোধী শক্তিকে নিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে।” ইসলামী আন্দোলন আজ সোমবার কর্মসূচি ঘোষণা করবে।
একই দিনে নেজামে ইসলাম পার্টিও প্রেস ব্রিফিং করবে। দলটির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার জানিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যা ও দুর্নীতিবাজদের বিচার এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি দেওয়া হবে।
তিনটি দল সরে দাঁড়ালো
যুগপৎ আন্দোলনে অংশ নেওয়ার কথা থাকলেও এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ এতে যাচ্ছে না। এনসিপি ও গণঅধিকার পরিষদ জানিয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। এবি পার্টি জানিয়েছে, এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।
রাজনৈতিক অঙ্গনে এখন নজর জমেছে ইসলামী দলগুলোর যুগপৎ কর্মসূচির দিকে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি ঘিরে যে অবস্থান তারা নিয়েছে, তা আগামী জাতীয় নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।










