Home Third Lead বিশ্বমঞ্চে লাল-সবুজের গৌরব: কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী আসরে ডিজে সঞ্জয়

বিশ্বমঞ্চে লাল-সবুজের গৌরব: কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী আসরে ডিজে সঞ্জয়

ডিজে সঞ্জয়
স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসরে তৈরি হয়েছে এক অনন্য ইতিহাস। বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞে মাঠের লড়াইয়ে বাংলাদেশ দল না থাকলেও, কানাডার উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমেরিকান মিউজিক প্রডিউসার ও ডিজে সঞ্জয় দেব (Sanjay)।
কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে (BMO Field) স্বাগতিক কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার উদ্বোধনী ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে এই জমকালো অনুষ্ঠানটি শুরু হয়। ফিফা থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত হয়ে এই ১৩ মিনিটের বিশেষ আয়োজনে পারফর্ম করেন সঞ্জয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয় তার নিজস্ব চিরচেনা ড্রাম বিট এবং প্রাণবন্ত আধুনিক সংগীত পরিবেশনার মাধ্যমে পুরো স্টেডিয়ামের দর্শকদের মাতাল করে তোলেন। একক পরিবেশনার পর পরই তিনি বলিউড তারকা নোরা ফাতেহি এবং আন্তর্জাতিক সংগীতশিল্পী ভেজেদ্রিয়ামের (Vegedream) সাথে একই মঞ্চে সুর মেলান। তাদের এই সমন্বিত হাই-এনার্জি বিটের যুগলবন্দি স্টেডিয়ামের দর্শকদের মাঝে এক অভূতপূর্ব উন্মাদনার সৃষ্টি করে।
এই আয়োজনে আরও পারফর্ম করেছেন কানাডিয়ান পপ তারকা মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, অ্যালিসিয়া কারা ও জেসি রেয়েজের মতো বিশ্বখ্যাত তারকারা।
ঐতিহাসিক এই অর্জন নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে সঞ্জয় লিখেছেন, “জীবন নিয়ে এমন স্বপ্ন দেখা থেকে আজ সরাসরি সেই মঞ্চের অংশ হওয়া, পুরো বিষয়টি অবিশ্বাস্য মনে হচ্ছে। একজন অভিবাসীর সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যি অন্যরকম এক অনুভূতি।” তিনি আরও যোগ করেন, এটি কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সেই সব তরুণদের প্রতিনিধিত্ব করে যারা দুটি ভিন্ন সংস্কৃতির মধ্যে বড় হয়েছে এবং বিশ্বাস রেখেছে যে তাদের কণ্ঠস্বরও একদিন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে।
বৈশ্বিক বিনোদন ও ক্রীড়াঙ্গনের এত বড় একটি মঞ্চে সঞ্জয়ের এই অসাধারণ পারফরম্যান্স আন্তর্জাতিক সংগীত পরিমণ্ডলে যেমন তার অবস্থানকে আরও সুদৃঢ় করেছে, তেমনি বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করে কোটি ফুটবল ও সংগীতপ্রেমীদের মাঝে এক গর্বের আবহ তৈরি করেছে।
Visit www.businesstoday24.com