Home First Lead ইরান যুদ্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই: ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সাথে চলমান যুদ্ধ বন্ধে কোনো নির্দিষ্ট “সময়সীমা” বা তাড়াহুড়ো নেই। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি বৃদ্ধি বা আলোচনার নতুন তারিখ নির্ধারণের ক্ষেত্রে তিনি কোনো চাপের মুখে নেই। মধ্যবর্তী নির্বাচনের কথা ভেবে তিনি তড়িঘড়ি করছেন—এমন গুঞ্জনও তিনি নাকচ করে দিয়েছেন।
ট্রাম্পের মতে, তার প্রশাসন কেবল মার্কিন জনগণের জন্য একটি “ভালো চুক্তি” নিশ্চিত করতে চায়।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বুধবার এক বিবৃতিতে জানান যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তানের প্রচেষ্টাকে তেহরান সাধুবাদ জানায়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষিত যুদ্ধবিরতি বৃদ্ধির বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
বাকায়ি জোর দিয়ে বলেন যে ইরান নিজের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে এবং যেকোনো শত্রুতা মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেন, তেহরান এই যুদ্ধের সূচনাকারী নয় এবং তাদের প্রতিটি পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক।
অন্যদিকে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে উল্লেখ করেছেন যে পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে তিনি ইরানে হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত ইরানের নেতারা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে না আসছেন, ততক্ষণ এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে তিনি জানান।
তবে তিনি মার্কিন সামরিক বাহিনীকে অবরোধ চালিয়ে যাওয়ার এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
গত ৮ এপ্রিল পাকিস্তান-মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি শুরু হয়েছিল, যার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত হয়।
বর্তমানে ইসলামাবাদের দ্বিতীয় দফার আলোচনা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে, কারণ মার্কিন আলোচকদের সফর পিছিয়ে দেওয়া হয়েছে এবং তেহরান এখনো তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি।