Home কক্সবাজার স্বামীকে হত্যা ও স্ত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার চাকমা যুবক

স্বামীকে হত্যা ও স্ত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার চাকমা যুবক

বিরেল চাকমা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার শহরের ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে (প্রায় রাত ১টার দিকে) রঞ্জন চাকমা নামে এক যুবককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে। স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে পালানোর সময় বীরেল চাকমা নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রী রাঙ্গামাটি থেকে কক্সবাজারে আনারস বিক্রি করতে আসতেন। পরিচয়ের সুবাদে তারা উত্তরণ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় আশ্রয় নেন। অপরদিকে আটক বীরেল চাকমাও রাঙ্গামাটির বাসিন্দা এবং রঞ্জন দম্পতির পুরনো পরিচিত।

ঘটনার দিন রাতে রঞ্জন ও বীরেল একসঙ্গে মদ্যপান করছিলেন। এক পর্যায়ে বীরেল পাশের কক্ষে গিয়ে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। নিপীড়িত স্ত্রী দৌড়ে রঞ্জনের কাছে গিয়ে বিষয়টি জানান। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা বাধে। পরে ক্ষিপ্ত হয়ে বীরেল চাকমা ধারালো ছুরি দিয়ে রঞ্জনকে জবাই করে হত্যা করে এবং ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে।

তবে রক্তমাখা হাত দেখে স্থানীয়রা তাকে সন্দেহভাজন অবস্থায় আটক করে। পরে বাসায় গিয়ে দেখা যায়—রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে, পাশে অর্ধনগ্ন অবস্থায় বিলাপ করছেন নিহতের স্ত্রী। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বীরেল চাকমা হত্যার দায় স্বীকার করেন, একই কথা জানিয়েছেন রঞ্জনের স্ত্রীও।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং বীরেলকে থানায় নিয়ে যায়। এ সময় মরদেহ আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন হতভাগা স্ত্রী। ওসি ইলিয়াস খান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে এবং ধর্ষণের আলামত থাকায় ভুক্তভোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।

এদিকে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন, রঞ্জন ও বীরেল কাছের একটি সুপারির বাগানে কাজ করতেন। আবার কারও দাবি, রঞ্জন ও তার স্ত্রী মূলত রাঙ্গামাটি থেকে আনারস এনে কক্সবাজারে বিক্রি করতেন। তবে সবার মতে, পুরনো পরিচয়ের সুবাদে আশ্রয় নেওয়া বাড়িতেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।